হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
ছবি: আমার দেশ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।

হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নেতারা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা গণতন্ত্র ও নাগরিক অধিকারের ওপর সরাসরি আঘাত।

বিজ্ঞাপন

বুধবার বিকেল ৫টায় নগরীর পূবালী চত্বরে কুমিল্লা জেলা, মহানগর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এনসিপির নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পূবালী চত্বর থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন এনসিপি কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউসার। এ সময় উপস্থিত ছিলেন কাজী মো. জায়েদ, এনসিপি জেলা কমিটির সদস্য আবদুস সামাদ, মহানগর ছাত্র শক্তির আহ্বায়ক মোস্তফা জিহান, ছাত্র শক্তির মুখ্য সংগঠক কাজী মুহিব এবং সাবেক সংগঠক আবদুল্লাহ আরাফসহ জেলা, মহানগর ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ হামলায় কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে তারা দাবি করেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মহানগর যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউসার বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রায় অতর্কিত হামলা চালানো হয়েছে। হামলাকারীরা শুধু নেতাকর্মীদের ওপরই নয়, কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরেও হামলা করেছে। একজন শিক্ষার্থীর চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে চাই। কিন্তু যদি বারবার হামলা, ভয়ভীতি ও সন্ত্রাসের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করা হয়, তাহলে তা দেশের গণতান্ত্রিক পরিবেশকে আরও সংকুচিত করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার অঙ্গীকার ছিল ছাত্র-জনতার হত্যার বিচার করবেন, পুলিশি নির্যাতনের বিচার করবেন এবং বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবেন।

কিন্তু এখনো আমরা সেই বিচার দেখতে পাইনি। বরং আমরা যখন বিভিন্ন হত্যাকাণ্ডের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, তখন আপনার দলের নেতাকর্মীদের হামলার শিকার হচ্ছি।

তিনি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং বলেন, এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে এনসিপি সারাদেশে কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।

সমাবেশ শেষে নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন