লক্ষ্মীপুরে কাজের ফাঁকে বিশ্রাম নেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল হোসেন (৩০) ও মো. আলাউদ্দিন (৩৫) নামে দুইজন ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকার এনবিসি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মো. সেলিমের ছেলে ও আলা উদ্দিন একই এলাকার তাজল ইসলামের ছেলে। তারা ইটভাটায় দৈনিক বেতনে শ্রমিক হিসেবে কাজ করতো।
প্রত্যক্ষদর্শী ও ইটভাটার শ্রমিকরা জানায়, ইটভাটায় একটি পরিত্যক্ত টিনের ঘর রয়েছে। ধারণা করা হচ্ছে সম্প্রতি ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে ওই ঘরটি বিদ্যুতায়িত ছিল। ঘটনার সময় কাজের ফাঁকে রুবেল ও আলাউদ্দিন জিরানোর জন্য ঘরটির বিপরীত পাশে ছায়াতে গিয়ে বসে। সেখানে তারা ধুমপানও করে। ঘামে ভেজা শরীর নিয়ে একজন ওই ঘরের সঙ্গে হেলান দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও বিদ্যুতায়িত হয়। তাদেরকে দেখে অন্য একজন বাঁচাতে গিয়ে বৈদ্যুতিক সক্ট লেগে সে সরে যায়। পরে দুইজনকে উদ্ধার করে পাশ্ববর্তী কমলনগর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দোলন আক্তার দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই শ্রমিকের লাশ হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে আমরা মৃত পেয়েছি। মরদেহ হাসপাতালে রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

