নিষিদ্ধ ছাত্রলীগের বৈঠকের খবরে আ জ ম নাছিরের বাসায় পুলিশ

নিষিদ্ধ ছাত্রলীগের বৈঠকের খবরে আ জ ম নাছিরের বাসায় পুলিশ
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গোপন বৈঠক করছেন-এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরের আন্দরকিল্লা মোড় এলাকায় তাঁর বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ জানতে পারে, নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আ জ ম নাছির উদ্দীনের বাসায় অবস্থান করে গোপন বৈঠক করছেন। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। তবে বাসায় গিয়ে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আ জ ম নাছির উদ্দীনের বাসায় অভিযান চালানো হয়েছে। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন বলে তথ্য ছিল। তবে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি।

আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রামের রাজনীতিতে আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক উত্থান। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ থেকে শুরু করে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সহসভাপতি এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে দলটির নেতাকর্মীদের অনেকেই আত্মগোপনে চলে যান। এর মধ্যে আ জ ম নাছির উদ্দীনের রাজনৈতিক অবস্থান ও তাঁর অনুসারীদের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন