সিডিএর উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ

সিডিএর উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ

চট্টগ্রামের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা আনার সম্ভাবনা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সঙ্গে আলোচনা সভা করেছে নিউভিশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। বৈঠকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকেন্দ্রিক যোগাযোগব্যবস্থা, নগরে নতুন পর্যটন অবকাঠামো এবং পরিবেশবান্ধব নগর উন্নয়ন প্রকল্পে জাপানি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার সিডিএ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এবং নিউভিশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের একটি প্রতিনিধিদল।

বৈঠকে নিউভিশনের প্রতিনিধিরা চট্টগ্রামের উন্নয়নে সিডিএ’র স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চান। এসব পরিকল্পনার মধ্যে জাপান সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্পগুলো চিহ্নিত করে সেগুলোতে জাপানি বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা আনার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন তারা।

প্রতিনিধিরা জানান, জাপানের শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও বহুজাতিক গ্রুপগুলোর সঙ্গে তাদের দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন মেগা প্রকল্পে জাপানি কারিগরি সমন্বয় ও লজিস্টিকস সহায়তার বাস্তব অভিজ্ঞতাও রয়েছে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে চট্টগ্রামের ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পে বড় পরিসরে জাপানি বিনিয়োগ আনার কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে চট্টগ্রামের পর্যটন খাতের বিকাশ, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে আঞ্চলিক যোগাযোগ অবকাঠামো উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পরিবেশবান্ধব ও টেকসই নগর পরিকল্পনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রামকে আন্তর্জাতিক মানের সবুজ, নান্দনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। জাপানের কাজের গুণগত মান, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তি বিশ্বজুড়ে স্বীকৃত। সিডিএর চলমান ও আসন্ন মেগা প্রকল্পে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) অথবা সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে জাপানি প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার ও অনুকূল পরিবেশ দিতে আমরা প্রস্তুত।

বৈঠকে সিডিএর সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, সদস্য (ইঞ্জিনিয়ারিং ও পরিকল্পনা) মো. জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল ও উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারীর পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন