চাঁদপুরে মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযানে ৭ কোটি টাকার জাল জব্দ

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযানে ৭ কোটি টাকার জাল জব্দ

চাঁদপুরে মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে দিনব্যাপী বিশেষ অভিযানে ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ জাল এবং অন্যান্য ২২টি জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা।

বিজ্ঞাপন

রোববার জেলার বিভিন্ন নদ-নদীতে পরিচালিত অভিযানে এসব জাল জব্দ করা হয়।

নৌবাহিনী জানায়, চাঁদপুরের আনন্দবাজার, দাশাদি খাল, শহর মালি, লালপুর, ৩ নম্বর কয়লাঘাট, চাঁদপুর মোহনা, গাজীর টেক, মিয়ার বাজার, কানুদি ও আমিরাবাদসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

চাঁদপুর নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফায়িজ কাফী জানান, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা, অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে নৌবাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

তিনি আরও জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন এবং মৎস্যসম্পদ রক্ষায় নৌবাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। নির্ধারিত এই প্রজনন সময়ে নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে নৌবাহিনী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন