জেলে সেজে ১৪ লাখ ইয়াবা আনা দুই মাদক কারবারি বিজিবির হাতে আটক

জেলে সেজে ১৪ লাখ ইয়াবা আনা দুই মাদক কারবারি বিজিবির হাতে আটক

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় মাছ ধরার নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে বাংলাদেশে পাচারের সময় ১৪ লাখ পিস ইয়াবার একটি চালান জব্দ করেছে বিজিবি। এ সময় দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের স্লুইসগেট এলাকা থেকে এই চালানটি জব্দ করা হয়।

৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে—গত দুই সপ্তাহ ধরে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে নিয়ে আসার পাঁয়তারা চলছিল। এই তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি, ড্রোন ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়।

এর আগে গত ৩ ও ৪ সেপ্টেম্বর অবরাং এলাকা দিয়ে ছোট দুটি চালান পাচারের চেষ্টাকালে প্রযুক্তির সহায়তায় দুজন পাচারকারিসহ ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছিল। রাতের বেলা সুবিধা করতে না পেরে চোরাকারবারিরা নতুন পন্থায় দিনের বেলায় জেলের ছদ্মবেশে নৌকাযোগে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে হ্নীলা সীমান্ত চৌকির (বিওপি) স্লুইসগেট এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা চালায়। পরবর্তীতে তাদের নৌকায় তল্লাশি চালিয়ে ভেতরে কিছু না পাওয়া গেলেও দড়ি দিয়ে নৌকার সাথে বাঁধা পানিতে ভাসমান অবস্থায় বেশ কয়েকটি বস্তা দেখা যায়। ওই বস্তাগুলো থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের মোট ১৪০টি কার্টন উদ্ধার করা হয়, যার ভেতর থেকে মেলে ১৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদক, জ্বালানি, ভোজ্যতেল ও সার পাচার রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। শত প্রতিকূলতা সত্ত্বেও সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে বিজিবি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন