চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুকুরে ডুবে খালা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার কুমিরা ইউনিয়নের রাজাপুর এলাকায় বড় কুমিরা মাজার গেট-সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো সীমা আক্তার (৯) ও আব্দুল্লাহ (৫)। তারা সম্পর্কে খালা-ভাগ্নে। সীমা সন্দ্বীপ উপজেলার বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে এবং আব্দুল্লাহ ময়মনসিংহ জেলার বাসিন্দা মাসুদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলাধুলার একপর্যায়ে ছোট শিশু আব্দুল্লাহ অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে সীমা আক্তারও পানিতে নেমে পড়ে এবং একপর্যায়ে দুজনই ডুবে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
কুমিরা ইউনিয়নের সাবেক সদস্য আলমগীর ‘আমার দেশ’-কে বলেন, প্রথমে ছোট ছেলেটি পানিতে পড়ে গেলে তাকে তুলতে গিয়ে মেয়েটিও ডুবে যায়। এতে দুজনেরই মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহত দুই শিশু তাদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বড় কুমিরা মাজার গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

