মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে

টেকনাফ সীমান্তে ১৪ লাখ ইয়াবাসহ আটক ২

টেকনাফ সীমান্তে ১৪ লাখ ইয়াবাসহ আটক ২
ছবি: আমার দেশ

৯ মাসে ১ কোটি ৪৩ লাখ ইয়াবা, ২৪৩ জন পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আনুমানিক ৪২ কোটি টাকা মূল্যের ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা বিওপির স্লুইচ গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার বড় চালান উদ্ধার করে ৬৪ বিজিবি।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৬৪ বিজিবি ব্যাটালিয়ন ১ কোটি ৪৩ লাখ পিস ইয়াবা ও ২৪৩ জন আসামি আটক করেছে বলে ও বিজিবির এক প্রেস ব্রিফিং এ জানানো হয়।

বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই সপ্তাহ ধরে হ্নীলা সীমান্ত এলাকায় একটি বড় ইয়াবার চালান প্রবেশের চেষ্টা করছে বলে তথ্য পাওয়া যায়। এরপর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, ড্রোন ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ এবং টহল জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার দিনের বেলায় জেলের ছদ্মবেশে দুই ব্যক্তি নৌকাযোগে টেকনাফের হ্নীলা বিওপির স্লুইচ গেইট এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির বিশেষ টহল দল তাদের চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

পরে নৌকায় তল্লাশি চালিয়ে কোনো মালামাল পাওয়া যায়নি। তবে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাধা অবস্থায় পানিতে হালকা ভাসমান কয়েকটি বস্তা দেখতে পায় বিজিবি। বস্তাগুলো উদ্ধার করে খুললে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪০ কার্টনে ১৪ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

আটক ব্যক্তিরা হলেন-জয়ঘর দাস (৫০), পিতা-গোপাল দাস, জেলেপাড়া, হ্নীলা; মোহাম্মদ হোসাইন (২০), পিতা-মো. শফিক, ফুলের ডেইল, হ্নীলা । তারা দুজনই টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।

বিজিবির অধিনায়ক জানান, এর আগে গত ৩ ও ৪ সেপ্টেম্বর হ্নীলার ওয়াব্রাং এলাকা দিয়ে রাতের বেলায় ইয়াবার দুটি ছোট চালান পাচারের চেষ্টা করা হলে ড্রোনসহ নানা প্রযুক্তির সহায়তায় দুজন আসামিসহ ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আগামী দিনে সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আরো জোরদার করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন