চট্টগ্রাম নগরের হালিশহরের টোল রোড এলাকায় সাত বছরের শিশু মাহফুজকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা মামলায় মো. আল আমিন (৪৪) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ৯বছর বিচারিক প্রক্রিয়া শেষে এ মামলার রায় ঘোষণা হয়।
মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আল আমিন কিশোরগঞ্জ জেলার নিকলী থানার কারপাশা পুতিহারা এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী মো. শহীদুল ইসলাম জানান, ১২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আল আমিনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।
এছাড়া হত্যার আলামত গোপন এবং লাশ সরিয়ে ফেলার অপরাধে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নিহত শিশু মাহফুজ হালিশহর হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
তদন্তে উঠে আসে, আল আমিন তার স্ত্রীকে নিয়ে মাহাবুবের প্রতি সন্দেহ পোষণ করতেন। এছাড়া পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে একবার মারামারির ঘটনাও ঘটে। সেই বিরোধের জেরে আল আমিন প্রতিশোধ নিতে মাহবুবের শিশু ছেলেকে হত্যা করেন ।
এ ঘটনায় নিহত শিশুর বাবা হালিশহর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে ২০১৭ সালের ২৭ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-8585c2.jpg)