কালবৈশাখী ঝড়ে কুমিল্লায় ৩ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কালবৈশাখী ঝড়ে কুমিল্লায় ৩ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুমিল্লার ১৭টি উপজেলার প্রায় তিন হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান।

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে জেলার ১৭৩৩ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া ৫৫০ হেক্টর ভুট্টা, ২৩৫ হেক্টর আউশ ধানের বীজতলা এবং ৩৬৪ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি নষ্ট হয়েছে। বিশেষ করে লাকসাম, দাউদকান্দি, নাঙ্গলকোট, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলায় ফসলের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ।

বিজ্ঞাপন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া বালিনা এলাকার ইমন হোসেন ৫০ শতক জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। তিনি জানান, ৫০ শতক জমিতে ধান লাগিয়েছিলাম। কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেল আমার। ধানগুলো কেটে বাড়িতে আনার কোন ব্যবস্থা দেখছি না। আর দুই দিন বৃষ্টি থাকলে ধানগুলো মাঠে নষ্ট হয়ে যাবে।

সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবির খান আমার দেশকে বলেন, সদর দক্ষিণ উপজেলায় একশ হেক্টর জমি ফসল ক্ষয়ক্ষতি হয়েছে । ঝড়ের গতি বেশি থাকায় ধানগুলো মাটির সাথে শুয়ে গেছে ।

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, কয়েকটি উপজেলায় দুই একদিনের মধ্যে ধান কাটা শেষ হয়ে যেতো। হঠাৎ করে কালবৈশাখী ঝড় আসায় কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । বৃষ্টিপাত বেশি হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে ।

কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছেন, কুমিল্লায় ২৮ এপ্রিল থেকে ২৯ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার এ পরিস্থিতি আরো কয়েকদিন চলমান থাকতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...