চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ইজারা বাতিলের দাবিতে পদযাত্রা করেছে বন্দর রক্ষা কমিটি। একই সঙ্গে আগামী ১৫ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই হলে ‘বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ আয়োজনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সোমবার সকালে নগরের আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে বন্দর অভিমুখে পদযাত্রা শুরু হয়। তবে বারিক বিল্ডিং মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দিলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার এবং সঞ্চালনা করেন সদস্যসচিব ফজলুল কবির মিন্টু। এতে শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য তপন দত্ত, বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং এটি দেশের কোটি মানুষের সম্পদ। শ্রমিকদের মতামত উপেক্ষা করে বন্দরের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না। বন্দরের আধুনিকায়ন প্রয়োজন হলেও তা রাষ্ট্রীয় মালিকানা ও জনগণের স্বার্থ সংরক্ষণ করেই করতে হবে। তাদের দাবি, বিদেশি প্রতিষ্ঠানের হাতে বন্দর ব্যবস্থাপনা তুলে দিলে দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়তে পারে। তাই সরকারের উচিত সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া।
সমাবেশে প্রকৌশলী দেলোয়ার মজুমদার আগামী ১৫ আগস্ট সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই হলে ‘বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ আয়োজনের ঘোষণা দেন।
তিনি বলেন, বন্দর রক্ষার আন্দোলনকে আরও বেগবান করতে শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে এ কনভেনশন অনুষ্ঠিত হবে।
পদযাত্রায় অংশগ্রহণকারীরা ‘এনসিটি-সিসিটি ইজারা দিতে দিব না’, ‘কর্ণফুলীর মোহনা বিদেশিদের দেব না’, ‘মা, মাটি, মোহনা বিদেশিদের দেব না’ এবং ‘বন্দর বাঁচাও, দেশ বাঁচাও’—এসব স্লোগান দিতে দিতে বন্দর অভিমুখে অগ্রসর হন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

