কুমিল্লা সদর দক্ষিণের স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটার জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই ফয়সাল নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোয়ালগাঁও গ্রামে এই খুনের ঘটনা ঘটে।
নিহত মো. ফয়সাল (২৪) পূর্ব জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোর্শেদকে (৪০) আটক করেছে পুলিশ ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি ফ্যাক্টরিতে কাজ করেন অভিযুক্ত মোর্শেদের স্ত্রী। বুধবার দিবাগত রাতে তিনি নাইট শিফটে ডিউটি করে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে ঘুমাতে যান। সকালে ঘরের পাশে শিশুরা হৈ-হুল্লোড় করলে মোরশেদ ঘর থেকে বের হয়ে স্ত্রীর ঘুমে ব্যাঘাত হচ্ছে বলে তাদের বকা দেন। এ সময় ছোট ভাই ফয়সাল বড় ভাইকে নিষেধ করলে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে তারা দুজনই বাড়ি থেকে বের হয়ে যান।
এরপর দুপুর দেড়টার দিকে দুই ভাই পুনরায় বাড়ি ফিরে আবারও বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মোর্শেদ ঘর থেকে দা নিয়ে এসে ছোট ভাই ফয়সালকে কোপ দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযানে নামে পুলিশ। পরে সদর দক্ষিণের সুয়াগাজী বাজার এলাকা থেকে মোর্শেদকে আটক করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

