কাপ্তাই লেকে দুই দিনেও খোঁজ মেলেনি বিএনপি নেতার

কাপ্তাই লেকে দুই দিনেও খোঁজ মেলেনি বিএনপি নেতার
বিএনপি সভাপতি মো. মাসুদ।

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পরও বিএনপি নেতার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ মো. মাসুদ (৫৩) ৪ নম্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে কেপিএম কাপ্তাইয়ের চিপার হাউসে অস্থায়ী নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

জানা গেছে, শনিবার সকালে বিলাইছড়ির ফারুয়া এলাকা থেকে নিজস্ব ইঞ্জিনচালিত নৌকায় কাপ্তাইয়ের উদ্দেশে রওনা দেন মাসুদ। পথে কাপ্তাই লেকের গর্জনটিলা এলাকায় তার নৌকাটি ভাসমান অবস্থায় দেখা গেলেও তিনি সেখানে ছিলেন না।

খবর পেয়ে কাপ্তাই থানার ওসি মাহাদুল হাসান রুবেল, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন এবং স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালান।

পরে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির আট সদস্যের একটি ডুবুরি দল লেকে তল্লাশি শুরু করে।

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ মাসুদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ বলেন, আমরা দলীয়ভাবে মাসুদের সন্ধানে কাজ করছি।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, আমরাও বিভিন্নভাবে তার খোঁজ করছি।

উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, ঘটনাস্থলে আমাদের দলীয় নেতাকর্মীদের পাঠানো হয়েছে। নিখোঁজ মাসুদের সন্ধানে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন