কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে মামলাটির তদন্ত করবেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ। এর আগে মামলাটির তদন্ত করছিলেন থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটির গুরুত্ব বিবেচনায় তদন্ত কর্মকর্তা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে তদন্তের দায়িত্ব দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। মামলার নথিপত্র পাওয়ার পর তিনি তদন্তকাজ শুরু করবেন। দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের চেষ্টা করবেন বলেও জানান তিনি।
এর আগে মামলার সাবেক তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বলেন, মামলাটির তদন্তের দায়িত্ব এখন পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদকে দেওয়া হয়েছে। এক-দুই দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র তার কাছে হস্তান্তর করা হবে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, এখন থেকে মামলাটির তদন্ত করবেন থানার পরিদর্শক (তদন্ত)। অপ্রতীম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। সে বর্ডার গার্ড হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কুমিল্লার লালমাই পাহাড়সংলগ্ন এলাকায় অপ্রতীমকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে তুহিন, ফাহাদ ও কামরুল আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

