মুহুরী নদীর পানি বাড়ছে, ডুবছে লোকালয়

জেলা প্রতিনিধি, ফেনী

মুহুরী নদীর পানি বাড়ছে, ডুবছে লোকালয়

ভারতীয় পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বাড়ছে। ঢুকছে লোকালয়ে।এতে নদী তীরবর্তী বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার স্থানীয় সংবাদকর্মী কবির আহমেদ নাছির জানান, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার জগতপুর ব্রিজের দক্ষিণে মনিপুর অংশে হু হু করে লোকালয়ে প্রবেশ করছে পানি।

উজানে ভারী বৃষ্টিপাত হলে দ্রুতই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন পাউবো কর্মকর্তারা। তারা জানান, দুপুর ৩টার দিকে মুহুরী নদীতে পানির স্তর রেকর্ড করা হয় ১১ দশমিক ৪৫ মিটার। যা বিপৎসীমার ১ দশমিক ১০ মিটার নিচে আছে। নদীটির বিপৎসীমা ১২ দশমিক ৫৫ মিটার।

নদী তীরের লোকজন বলছেন, বর্ষা এলেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন নিয়মে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

জেলার ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর এলাকার বাসিন্দা রিয়াদ বলেন, পানি এখনো বিপৎসীমার নিচে থাকলেও উজানে ভারী বৃষ্টি হলে কী হবে, সেই শঙ্কায় আছি।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, সোমবার দুপুর ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, অন্যান্য সময়ের তুলনায় এবার পরিস্থিতি কিছুটা ব্যতিক্রম। গত কয়েক দিন ধরে কিছু সময় পানি বাড়লেও পরবর্তীতে আবার কমেছে। সর্বশেষ সোমবার সকাল থেকে নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। পানি বিপৎসীমা অতিক্রম করলে বাঁধের একাধিক ঝুঁকিপূর্ণ স্থানে সমস্যা হতে পারে। সেই পরিস্থিতি মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন