রাউজানে ৮ পিস্তল নিয়ে যুবকের হুমকি: ‘তোদের মরণের টিকিট’

রাউজানে ৮ পিস্তল নিয়ে যুবকের হুমকি: ‘তোদের মরণের টিকিট’
ছবি ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের রাউজানে এক যুবকের আটটি বিদেশি পিস্তল প্রদর্শনের ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে কাপড়ের ওপর সাজানো একাধিক পিস্তল দেখা যায়। অস্ত্রগুলো অবৈধ এবং থানা থেকে লুট হওয়া বলে দাবি করা হয়েছে ভিডিওটির সঙ্গে দেওয়া পোস্টে।

বিজ্ঞাপন

অস্ত্র প্রদর্শনকারী যুবককে বাদশার ছেলে হৃদয় হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও অস্ত্রের ভয় দেখিয়ে মানুষকে জিম্মি করার অভিযোগ তোলা হয়েছে।

গত বুধবার রাতে ‘মামুন চেয়ারম্যানের সমর্থক গোষ্ঠী’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওতে থাকা ব্যক্তিটি ‘হৃদয় বুলেট’ নামে পরিচিত এবং তিনি রাউজানের নোয়াপাড়ার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম।

তিনি বুধবার সকালে বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে এবং আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি। হৃদয় বুলেট নামে ওই সন্ত্রাসীকে আমরা পূর্বে গ্রেপ্তার করেছিলাম, তবে পরবর্তীতে সে জামিনে জেল থেকে বের হয়ে যায়।

ছড়িয়ে পড়া ভিডিওটিতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘খেলা দেখছ কোথায়? ভালো হয়ে যা, চাঁদাবাজি বন্ধ কর। টাকা দিয়ে মরণের টিকিট আনছি।”

বক্তব্যটি কাকে উদ্দেশ করে দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। তবে ভিডিওটি প্রকাশ করে রাউজান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং ওই যুবককে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

ভিডিওটি এমন এক সময়ে সামনে এলো, যখন গত দুই বছরে একের পর এক হত্যাকাণ্ড, প্রকাশ্যে গুলিবর্ষণ, রাজনৈতিক বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাউজান দেশের অন্যতম আলোচিত সহিংসতাপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। অস্ত্রধারীদের তৎপরতা, পাহাড়ি এলাকায় তাদের আশ্রয় নেওয়া এবং চাঁদাবাজির অভিযোগে স্থানীয় মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, ভিডিওটির সত্যতা ও উৎস যাচাইয়ের কাজ চলছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন