ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের বড়বাড়ী বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একাধিক টিয়ারশেল (কাঁদুনে গ্যাস) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কের উভয় পাশে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কয়েকশ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সংঘর্ষের একপর্যায়ে বিক্ষোভকারীরা বাসন থানায় হামলা চালানোর চেষ্টা করেন। এ সময় তারা লাঠিসোঁটা নিয়ে থানার ভেতরে হানা দেন এবং ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশ পুনরায় টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আজ গাজীপুরের সার্বিক পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল। তবে বড়বাড়ী বোর্ডবাজার এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেখানে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

