স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজের নির্বাচনি এলাকা কক্সবাজারের চকরিয়া উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেছেন, সরকার বন্যাকবলিত মানুষের পাশে রয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে।
শুক্রবার দুপুরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও কাজ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া উপজেলার ছড়াকুল এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পরিদর্শন ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

