বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বেপরোয়া গতির একটি বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শাকিব হোসেন (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই শিক্ষার্থী এ বছর এইচএসসি সমমান (আলিম) পরীক্ষায় উত্তীর্ণ হন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।

বিজ্ঞাপন

রোববার দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পদ্মাবাজার এলাকার স্মার্ট একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শাকিব মোটরসাইকেলযোগে রামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে স্মার্ট একাডেমির সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বিআরটিসি বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এদিকে সড়ক দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়ক অবরুদ্ধ করে রাখেন। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।

নিহত শাকিব হোসেন উপজেলার এনায়েতপুর গ্রামের আনিছুর রহমানের একমাত্র ছেলে। সম্প্রতি প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে তিনি রায়পুরের লামচরী কারামতিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৩.৪১ (জিপিএ) পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, অবরোধের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন