কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আবুল কাসেম স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় এবারও কেউই পাস করেনি। টানা তিন বছর এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কেউ উত্তীর্ণ হতে পারেনি।
শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। কলেজটি উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় অবস্থিত।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২৬ সালে কলেজটির মানবিক বিভাগ থেকে মোট সাতজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে একজনও উত্তীর্ণ হতে পারেনি। এর আগে ২০২৫ সালে ছয়জন এবং ২০২৪ সালে দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। ওই দুই বছরেও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। অর্থাৎ, গত তিন বছরে সবাই অকৃতকার্য হয়েছে।
এ বিষয়ে আবুল কাসেম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বিউটি বেগম জানান, প্রতিষ্ঠানটির স্কুল ও কলেজ শাখার পৃথক কোড নম্বর ও ইআইআইএন রয়েছে। তিনি স্কুল শাখার প্রধান শিক্ষক এবং কলেজ শাখার বিষয়ে প্রতিষ্ঠাতা আবুল কাসেম স্যার ভালো বলতে পারবেন।
কলেজ শাখার অধ্যক্ষ রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মোটরসাইকেলে রয়েছেন জানিয়ে ফলাফলের বিষয়ে বিস্তারিত কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

