গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।
শনিবার সকাল ১০টায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে গণমিছিলটি শুরু হয়। এর আগে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পথসভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ ইউনুস হেলাল, পৌর জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের, মাওলানা সিদ্দিকুর রহমানসহ সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত এসব দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তারা বলেন, দেশের জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রীয় সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। জনগণের দাবি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, বিগত সরকারের আমলের অন্যায়-অবিচারের বিচার নিশ্চিত করতে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
গণমিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় তারা গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

