মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
মুরাদনগর থানা। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি-সক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- দড়ানীপাড়া গ্রামের খালেদা আক্তার (বেভি) (৭০) ও মঞ্জুরুল আলম টিটু (৩৬)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।

স্থানীয় ও স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের অভিযোগ, বিরোধের একপর্যায়ে খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ আবু মিয়া ধারালো দা নিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় খালেদা আক্তার ও মঞ্জুরুল আলম টিটুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুরে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয় বলে স্বজনরা জানান।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাসপাতালে যায়। সেখানে দুজনের লাশ পাওয়া যায়। পরে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন চৌধুরী বলেন, তিনি নিজে ঘটনাস্থলে গেছেন। কী কারণে এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কার্যক্রম চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন