লক্ষ্মীপুরে ৬ বালু ব্যবসায়ীর অফিসে ছাত্রদলের হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে ৬ বালু ব্যবসায়ীর অফিসে ছাত্রদলের হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে ছয়টি ব্যবসায়ীর অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভের অনুসারী। এ হামলার ঘটনায় বালুমহালের একজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মজুচৌধুরীর হাট বালুর ঘাট এলাকায় মোটরসাইকেলে করে ১২ থেকে ১৫ জনের একটি দল গিয়ে এ হামলা চালায়। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীদের হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ছিল।

হামলাকারীরা পাঁচটি অফিস ও একটি দোকানে ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, সন্ধ্যায় তার বালুমহালের অফিসে হামলা চালানো হয়েছে। দোকানের টাকাপয়সা, সিসিটিভি ক্যামেরাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। আরো কয়েকটি বালুমহালে হামলা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ বলেন, সকালে মজুচৌধুরীর হাট এলাকায় ছাত্রলীগ মিছিল করেছে। বিকালেও মিছিল করার খবর পেয়ে ছাত্রদল সেখানে যায়। তবে ছাত্রদল কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করেনি। ছাত্রলীগ এ ঘটনা ঘটিয়ে হয়তো ছাত্রদলের ওপর দায় চাপিয়ে দিচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মজুচৌধুরীর হাটে বালুর গদিতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন