জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠ থেকে এ গণমিছিল শুরু হয়। এতে জামায়াতে ইসলামীর সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলকারীরা হাতে জুলাই সনদের দাবি সংবলিত প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
গণমিছিলটি হাজীগঞ্জ বড় মসজিদ মাঠ থেকে শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পশ্চিম বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম প্রধান, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা বি এম কলিম উল্লাহ, নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হক পরান এবং পৌর জামায়াতের আমির আবুল হাসানাত পাটওয়ারীসহ স্থানীয় নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং গণভোটের রায়কে সম্মান জানাতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার প্রক্রিয়া কার্যকর করতে হবে। অন্যথায় জনগণের দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা জানান।
গণমিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

