কুমিল্লা থেকে জগন্নাথমুখী বাসে দুর্ভোগ সরাতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। শিক্ষার্থীদের দীর্ঘ যাত্রাকে আরো স্বস্তিদায়ক করতে বাসের পুরোনো প্লাস্টিকের সিট পরিবর্তন করে সংযোজন করা হয়েছে আধুনিক ও আরামদায়ক ফোমের সিট। পাশাপাশি বাসের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যারও সমাধান করা হয়েছে।
রোববার সকালে কুমিল্লা পুলিশ লাইনে শিক্ষার্থীদের উপস্থিতিতে সংস্কার করা বাসটি তাদের কাছে হস্তান্তর করেন ইউসুফ মোল্লা টিপু।
শুধু আসন পরিবর্তনেই থেমে থাকেননি তিনি। শিক্ষার্থীদের যাতায়াতের সময় ইন্টারনেট ব্যবহারের সুবিধার্থে বাসে চালু করা হয়েছে ফ্রি ওয়াইফাই জোন। শিক্ষার্থীদের জন্য একটি বাসের আসন পরিবর্তন হয়তো ছোট একটি উদ্যোগ। তবে এর পেছনে থাকা মানবিক চিন্তাটিই বড় হয়ে দেখা দিয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘ যাত্রার কষ্টকে গুরুত্ব দিয়ে তাদের স্বস্তি নিশ্চিত করতে প্রশাসকের এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা।
কয়েকজন শিক্ষার্থী বলেন, একজন প্রশাসকের দায়িত্ব শুধু দাপ্তরিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের প্রয়োজন ও সমস্যাকে উপলব্ধি করে পাশে দাঁড়ানোও নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের সুবিধার জন্য ব্যক্তিগত উদ্যোগে বাস সংস্কারের এ ঘটনা মানবিক নেতৃত্বের একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
ইউসুফ মোল্লা টিপু বলেন, দূরপাল্লার যাতায়াতে শিক্ষার্থীদের দীর্ঘ সময় বাসে থাকতে হয়। সেখানে আরামদায়ক আসন ও ইন্টারনেট সুবিধা তাদের যাত্রাপথকে যেমন স্বস্তিদায়ক করবে, তেমনি পড়াশোনা ও প্রয়োজনীয় যোগাযোগের ক্ষেত্রেও বাড়তি সুবিধা দেবে। তাই তিনি ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

