জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ৬৭সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য গঠিত এ কমিটিতে লায়ন এ. এম. মুন্না চৌধুরীকে আহ্বায়ক এবং জোবাইরুল আলম মানিককে সদস্যসচিব করা হয়েছে।
সোমবার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক লায়ন এ. এম. মুন্না চৌধুরী বলেন-‘চট্টগ্রাম দক্ষিণ জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী ও গতিশীল করাই আমাদের প্রধান লক্ষ্য। দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা হবে।
তিনি বলেন-মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা কাজ করতে চাই।’
সদস্যসচিব জোবাইরুল আলম মানিক বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে চট্টগ্রাম দক্ষিণে এনসিপিকে একটি শক্তিশালী গণভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করব। তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তৃত করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটির মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও তৃণমূল পর্যায়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে তরুণদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে দলীয় কার্যক্রম আরো বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

