চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাটফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থার যৌথ দল। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে।
শুক্রবার মাস্কাট থেকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে চট্টগ্রামে আসেন রাউজানের বাসিন্দা মোহাম্মদ হাসান মুরাদ। কাস্টমস হলের স্ক্যানিং শেষে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গোয়েন্দা সংস্থার সদস্যরা তার ব্যাগেজে তল্লাশি চালান।
তল্লাশির একপর্যায়ে ব্যাগের ভেতর বিশেষ কৌশলে রাখা ১০৬ গ্রাম স্বর্ণালঙ্কার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড ও ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৫৩৪ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৭ লক্ষ ৬০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা স্বর্ণ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হয়েছে।
আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণসহ বিভিন্ন পণ্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

