গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন এক ভ্যানচালক। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম (৩৫) কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের ঢাকাগামী একটি বাস কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে উল্টো পথে মোড় ঘুরতে যায়। এ সময় বাসটি প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে কাভার্ড ভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা ‘দোলা পরিবহন’-এর একটি বাসকে সজোড়ে ধাক্কা দিলে সেটি গিয়ে পড়ে আরেকটি লোকাল বাসের ওপর। এ সময় পাশে থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির চালক শহিদুল ইসলাম দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে কাশিয়ানী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

