মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত মো. সায়েম (১৫) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার বশর আহমেদের ছেলে।

জানা গেছে, কয়েক মাস আগে টিলার পাদদেশে একটি জায়গা কেনে সায়েমের পরিবার। নিজেদের বসতভিটার মাটি ভরাট করার জন্য ঘরের পাশের টিলা থেকে কয়েক দিন ধরে একাই মাটি কাটছিল সে। বুধবার রাতেও মাটি কাটার সময় হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে পড়ে। এতে সায়েম ও তার পাশে থাকা সোহেল রানা নামে আরেক কিশোর মাটির নিচে চাপা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল রানা চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়ি ফিরেছে।

নিহতের মা ছালেহা বেগম জানান, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে ছেলে-মেয়েকে নিয়ে নতুন করে জীবন শুরু করেছিলেন। কিন্তু একমাত্র ছেলেকে হারিয়ে তিনি এখন দিশাহারা হয়ে পড়েছেন।

জোরারগঞ্জ থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাই। এর আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানায়, সায়েম নামে এক কিশোর মারা গেছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন