নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবায় মিলল শিশুর লাশ

নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবায় মিলল শিশুর লাশ
শিশু মোহাম্মদ সাঈদ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়ায় নিখোঁজের একদিন পর পরিত্যক্ত একটি ডোবা থেকে মোহাম্মদ সাঈদ (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

বিজ্ঞাপন

নিহত মোহাম্মদ সাঈদ নাঙ্গলমোড়া এলাকার মো. আবদুর রহিমের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে তার নানার বাড়িতে থাকত। তার বাবার বাড়ি হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে নাঙ্গলমোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল গফুরের বাড়ির পেছনে থাকা একটি পরিত্যক্ত ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মাহফুজুর রহমান জানান, বুধবার বিকেলের দিকে শিশু সাঈদ নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে এলাকায় মাইকিং করে নিখোঁজের বিষয়টি জানানো হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান না পাওয়ায় তারা চলে যায়। পরে সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন আব্দুল গফুরের বাড়ির পেছনের পরিত্যক্ত ডোবায় একটি লাশ ভাসতে দেখে। পরে সেটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা শিশুটিকে শনাক্ত করেন।

আদরের সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোক। শিশুটির অকাল মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হলেও শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন