কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি মাদরাসাছাত্র মোহাম্মদ আরাফাতের (১৩)। ছেলেকে ফিরে না পেয়ে দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। পিতা আলী হায়দার ও মাতা সুলতানা আক্তার সীমুসহ স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।
নিখোঁজ আরাফাত চৌদ্দগ্রাম পৌরসভার চাঁন্দিশকরা গ্রামের বাসিন্দা আলী হায়দারের ছেলে এবং মাহিনী মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই সকালে আরাফাত মাদরাসা থেকে নিজ বাড়িতে আসে। পরে পোশাক পরিবর্তন করে খেলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু খেলতে না গিয়ে সে বসন্তপুর গ্রামে তার নানার বাড়িতে যায়। সেখানে গিয়ে জানতে পারে, তার নানি চিকিৎসার জন্য চৌদ্দগ্রামে অবস্থান করছেন। এরপর সে ফেনীতে চলে যায় এবং সেখানে তার এক সাবেক শিক্ষকের সঙ্গে দেখা করে বাড়ির উদ্দেশে রওনা দেয়।
আরাফাতের নানার বাড়ি ও ফেনীতে যাওয়ার বিষয়টি তার পরিবারের সদস্যরা জানতেন না। ২৩ জুলাই রাত পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার চলাচলের বিষয়টি জানতে পারলেও এরপর থেকে আর কোনো সন্ধান মেলেনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি আরাফাতের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৭৭৭৭৮৭৮২৩ ও ০১৬১০১৩৪৭৮২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, “মাদরাসাছাত্র নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

