রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে পোস্ট: ছাত্রদল নেতা বহিষ্কার

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে পোস্ট: ছাত্রদল নেতা বহিষ্কার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় নোয়াখালী সদরের বাঁধের হাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। বহিষ্কারের পর ক্ষুব্ধ হয়ে সংগঠনটিকে ‘ভারতীয় দালাল দল’ বলে আখ্যায়িত করে ফেসবুকে আরেকটি পোস্ট দেন ওই নেতা।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) নোয়াখালী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মহসিন রিয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাঁধের হাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

দলীয় সূত্রে জানা যায়, গত রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে একটি পোস্ট দেন হাসিবুল ইসলাম মারুফ। বিষয়টি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার (১২ অক্টোবর) তাঁকে কারণ দর্শানোর (শোবিজ) নোটিশ দেয় জেলা ছাত্রদল। এরপর মঙ্গলবার তাকে চূড়ান্তভাবে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

বহিষ্কারাদেশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে হাসিবুল ইসলাম মারুফ লেখেন, চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, অনৈতিক কাজ করলে বহিষ্কার হতাম না, নেশাগ্রস্ত হলেও বহিষ্কার হতাম না। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তথা রবীন্দ্রনাথের বিরোধিতা করায় নোয়াখালী জেলা ছাত্রদল আমাকে বহিষ্কার করেছে।

এ বিষয়ে বুধবার বিকেলে হাসিবুল ইসলাম মারুফ বলেন, রবীন্দ্রনাথ আমাদের দেশের কেউ নন। তাঁকে নিয়ে দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের অনেক নেতাই স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু তাঁদের বিরুদ্ধে তো কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। জেলা কমিটি আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো শৃঙ্খলাভঙ্গের কারণ দেখাতে পারেনি। মূলত জেলা ছাত্রদলের বর্তমান কমিটি আমাকে তাদের বলয়ের বাইরে মনে করে। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই একটি ঠুনকো অজুহাতে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল বুধবার বিকেলে বলেন, বাঁধের হাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফ সামাজিক যোগাযোগমাধ্যমে কবি রবীন্দ্রনাথকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট দিয়েছেন। বিষয়টি জেলা ছাত্রদলের নজরে আসার সঙ্গে সঙ্গেই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি নির্ধারিত নোটিশের যথাযথ জবাব না দিয়ে উল্টো জেলা ছাত্রদলের বিরুদ্ধে অবমাননাকর ও বিদ্বেষমূলক পোস্ট দেন। ফলশ্রুতিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট দায়ে তাঁকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন