বিএনপির ভাইস-চেয়ারম্যান, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এমপি মো. শাহজাহান বলেছেন, ন্যায্য দাবি আদায়ে বাংলাদেশে যেন আর কোনো শ্রমিককে প্রাণ দিতে না হয়। শ্রমিকদের কষ্টার্জিত অর্থ কেউ যেন চাঁদা হিসেবে নিতে না পারে, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান। এ ধরনের রাজনীতি আমরা চাই না। মহান মে দিবস উপলক্ষে নোয়াখালীতে শ্রমিক দলের র্যালি-পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (১ মে) বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদীতে জেলা শ্রমিক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকেলে র্যালিটি জেলা জামে মসজিদ সড়ক থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
নোয়াখালী জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন কাউন্সিলরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান এমপি। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিন সেলিম, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সলিম উল্লাহ বাহার হিরন চেয়ারম্যান, নোয়াখালী পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম কিরণ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর দিন দুঃখ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম রিজভী, জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনজুরুল মাওলা কচি প্রমুখ।
মো. শাহজাহান বলেন, কিছু ক্ষেত্রে দেখা যায়, শ্রমিকদের পক্ষে কথা বলে নেতা হয়ে শ্রমিকদের স্বার্থের কথা ভুলে গিয়ে তাদের ব্যবহার করে নিজের স্বার্থ আদায়ে বেশি তৎপর থাকে। তিনি শ্রম দিবসের কথা উল্লেখ করে শ্রমিকদের সকল স্বার্থ সুরক্ষায় নেতৃত্ব দেওয়ার তাগিদ দেন নেতৃবৃন্দের প্রতি। শ্রমিকদের কল্যাণে তাদের পাশে বন্ধুর মতো থাকারও আহ্বান জানান।
মো. শাহজাহান আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার হলো কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, কামার, কুমারসহ সকল মেহনতি মানুষের সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন ছিলেন এ দেশের সকল শ্রেণি-পেশার মানুষের সরকার, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানও আপনাদের জনতার সরকার। সকল শ্রমিকের পুনর্বাসনের জন্য আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি, সে জন্য বিএনপি ও সরকারের জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তিনি।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

