ঈদগাঁওতে বালু উত্তোলনের গর্তে পড়ে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

ঈদগাঁওতে বালু উত্তোলনের গর্তে পড়ে শিশুর মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইজারার নামে খাল থেকে অনিয়ন্ত্রিত বালি উত্তোলনের কারণে সৃষ্ট গর্তে এবার প্রাণ গেল তানভীর (৮) নামের আরেক শিশুর।

বৃহস্পতিবার দুপুরে ঈদগাঁও খালের পশ্চিম গজালিয়া অংশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শিশু উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আউলিয়াবাদ এলাকার নুরুল হাকিমের সন্তান।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শিশু গরমের তীব্রতায় খেলার ছলে খালে গোসল করতে নামে। এতে আকস্মিক ভাবে শিশুরা খালে পানিতে ডোবা গভীর গর্তে তলিয়ে যেতে থাকে। অন্য শিশুরা কোন রকমে উঠে আসতে পারলেও শিশু তানভীর ডুবে যায়। অনেক খুঁজাখুঁজির পর শিশুটির লাশ উদ্ধার করে লোকজন।

ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম শিশুর লাশ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বলে নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, কতিপয় প্রভাবশালী বালি উত্তোলনের জন্য ঈদগাঁও মৌজার খাল ইজারা নেয়ার নামে নদীর গজালিয়া ও ভোমরিয়াঘোনা মৌজার অংশে অর্ধশতাধিক অবৈধ ড্রেজার মেশিন দিয়ে রাত-দিন বালি উত্তোলনের কারণে নদীর বিভিন্ন এলাকায় গভীর গর্ত সৃষ্টি হচ্ছে। এ সব গর্তে ৬ শিশুর অকালে মৃত্যু ঘটলেও উপজেলা প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

এলাকাবাসীকে অবিলম্বে এ অবৈধ বালি উত্তোলনে কার্যকর ব্যবস্থা না নিলে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলবেন বলে ক্ষোভ প্রকাশ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন