নোয়াখালী বেগমগঞ্জের আলাইয়ারপুর ভবভদ্রী গ্রামের সোনা মিয়া বেপারীবাড়ীতে প্রবাসী যুবদল নেতা আব্দুল খালেকের ঘরে গভীর রাতে পূর্বশত্রুতার জেরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর খোলা আকাশের নিচে বসবাস করছে প্রবাসীর পরিবার।
সোমবার সকালে সরেজমিন গিয়ে জানা যায়, ভবভদ্রী গ্রামের ওমান প্রবাসী আবদুল খালেকের পরিবারের সদস্যরা পারিবারিক কাজে আত্মীয়ের বাড়িতে যান। এই সুযোগে শুক্রবার গভীর রাতে বসতঘরের চারপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে অগ্নিসংযোগ করে অজ্ঞাত দুবৃর্ত্তরা। এতে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।
আগুনে পুরো ঘর পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচেই বসবাত করতে হচ্ছে প্রবাসী খালেকের পরিবারকে। আগুনে রান্নাঘরের হাঁড়ি-পাতিল, ফ্রিজ, খাটসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যাওয়ায় এক রাতেই নিঃস্ব হয়ে গেছে প্রবাসী আবদুল খালেকের পরিবার। ঘটনার পর প্রবাসী আবদুল খালেকের পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রবাসী আবদুল খালেকের স্বজনেরা জানান, পরিবারের সদস্যরা সবাই পারিবারিক কাজে আত্মীয়দের বাড়িতে যাওয়ায় ঘর ফাঁকা ছিল। এই সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আগুনে ঘরের সবকিছু পুড়ে গেছে। সব সম্বল হারিয়ে তারা নিঃস্ব হয়ে গেছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার ও অসহায় প্রবাসীর পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিরা।
আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, খবর পেয়ে আমরা ছুটে আসি। যে অবস্থা দেখলাম, প্রবাসীর সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, ঘটনার সঙ্গে জড়িতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।
আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড মেম্বার কামরুল হাসান কমল জানান, প্রবাসী আবদুল খালেক এমনিতেই অবহায়। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তারা পথে বসে গেছে। খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া উপায় নাই। জড়িতদের বিচারের পাশাপাশি প্রবাসী আবদুল খালেকের ঘুরে দাঁড়াতে দেশে-প্রবাসে অবস্থানরত বিস্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন মানিক বলেন, ‘নিঃস্ব প্রবাসী যুবদল নেতা আবদুল খালেকের পরিবারের পাশে দাঁড়াবে বিএনপি। ইতিমধ্যে আমাদের এমপি বরকত উল্যাহ বুলু সাহেবসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাদের সঙ্গে কথা হয়েছে। এমপি মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করবেন। আমরা প্রবাসী আবদুল খালেকের পরিবারের পাশে সব সময় থাকব।’
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সরেজমিন পরিদর্শনে আসেন নোয়াখালী জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন। তিনি তার দল জামায়াতে ইসলামী ও ব্যক্তিগতভাবে প্রবাসী আবদুল খালেকের পাশে থাকার আশ্বাস দেন।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) ইমরান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিষয়টির তদন্ত শুরু করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

