প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র ভুলের ঘটনা ঘটেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। নির্ধারিত সময়ের ১০ মিনিট পর ভুল প্রশ্নপত্র পরিবর্তন করা হলে পরীক্ষার্থীদের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি হয় এবং এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের ১০ জন অনিয়মিত পরীক্ষার্থীকে ২০২৬ সালের নৈবিত্তিক প্রশ্নপত্র দেওয়া হয়। ১০ মিনিট পর বিষয়টি ধরা পড়লে দায়িত্বরত কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বোর্ডের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা প্রশ্নপত্র পরিবর্তন করে দেন। পরবর্তীতে নির্ধারিত সময় শেষে ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের সময় বাড়িয়ে দেওয়া হয়নি। এসএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই ধরনের অব্যবস্থাপনায় হতবাক হয়ে পড়েন শিক্ষার্থীরা।

ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা ১৯ নম্বর কক্ষে ছিলেন। তারা নবিয়াবাদ, তুলাগাও, এলাহাবাদ, রাধানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

অভিভাবকরা বলেন, জীবনের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার প্রথম দিনেই এমন গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে জানতে কেন্দ্র সচিব ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম মোবাইলে ফোন করলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

কেন্দ্রে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার আনিসুর রহমান বলেন, ২০২৫ সালের ৮ জন অনিয়মিত পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৬ সালের নিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহের বিষয়টি নজরে আসলে তা পরিবর্তন করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বিকেল পৌনে পাঁচটায় সাংবাদিকদের বলেন, ভুল নৈবিত্তিক প্রশ্নপত্রে পরিক্ষা হয়েছে তা আমার জানা নাই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন