চট্টগ্রাম নগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলায় অভিযুক্ত মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।
বুধবার সকালে চট্টগ্রাম মহানগর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন। ঘটনার মাত্র ২৮ দিনের মাথায় মামলাটির বিচার কার্যক্রম সম্পন্ন করে রায় দেওয়া হলো।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, মামলাটিতে মাত্র তিন কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। গত বুধবার ৯ জন, বৃহস্পতিবার ৬ জন এবং রোববার ৩ জনসহ মোট ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানঘাটা এলাকার বালুর মাঠসংলগ্ন একটি গুদামকক্ষে সাড়ে তিন বছর বয়সি এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট এবং সংশ্লিষ্টদের জবানবন্দিতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে ঘটনার ১৩ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

