কক্সবাজারের ঈদগাওয়ে কর্মচারীর ছুরিকাঘাতে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন মোস্তফা কামাল (২৮) নামের এক চিংড়িঘের মালিকের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘাতকদের আটক করে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম ইছাখালী এলাকায় নৃশংস এ ঘটনা ঘটে।
নিহত যুবক উক্ত এলাকার মোক্তার আহমদের ছেলে এবং গ্রেপ্তারকৃত ঘাতক সোলায়মান (৩০) ও তার পিতা শাহনুর মিস্ত্রিও একই এলাকার।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোস্তফা কামালের পিতার মালিকানাধীন চিংড়িঘেরে মোস্তফা ও একই এলাকার শাহানু মিস্ত্রির ছেলে সোলায়মান দুজনে মিলে ঘেরে কাজ করত। ইত্যবসরে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরেই ঘটনার দিন স্থানীয় মসজিদের সামনে সোলায়মান মোস্তফাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার সংবাদ পেয়ে থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতক সোলায়মান ও তার বাবাকে গ্রেফতার করে।
অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা এসআই আশরাফ হোসেন ঘাতকদের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, রিপোর্ট লেখা পর্যন্ত লাশ মর্গে রয়েছে।
ঈদগাও থানার অফিসার ইনচার্জ এ টি এম সিফাতুল মাজদার জানান, ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে এবং পুলিশ প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

