বাংলাদেশে জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ড. রেজাউল করিম বলেছেন, “হাজার হাজার কোটি টাকা যারা ঋণখেলাপি করেছে, তারা বিগত নির্বাচনে ১৩৩ জন ছিল, কিন্তু বিভিন্নভাবে তারা নির্বাচনে টিকে গেছে। অথচ আমাদের দেশে একজন সামান্য জিনিস ডাকাতি-চুরি করে কেউ টিকতে পারে না। তার জন্য বিরাট আইন। তার জন্য শাস্তি অনেক জটিল। এজন্যে আমরা অসহায়ের জন্য আইন নিয়ে দাঁড়াব না, বরং তার পাশে দাঁড়াব সে মজলুম। আমাদের সমাজে যারা দুর্নীতি করে, অন্যায়-অবিচার করে, খুন-খারাবি করে, আমাদের দাঁড়াতে হবে তাদের বিরুদ্ধে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে নবাগত আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এখনও শুনি সেই সাংবাদিক সাগর-রুনির মামলা কতবার পিছিয়ে যায়, এখনও আবু সাইদ-মুগ্ধদের মামলা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এখন খুব হতবাক হই, আমরা সবাই মিলে যে বাংলাদেশের জন্য সংগ্রাম করেছিলাম কেউ যেন সেরকম না হয়ে যাই, অথবা কেউ কেউ হওয়ার চেষ্টা করছে- আমরা সেই জায়গা থেকে তাকে বিরত থাকার জন্য বলব।
ড, রেজাউল আরো বলেন, ‘যে নাকি যায় লঙ্কা, সে হয়ে যায় রাবণ’। এখন যে চারটি জিনিসকে লেস (বাদ) করার জন্য সরকারের পক্ষ থেকে আজকে প্রচেষ্টা চালানো হচ্ছে তার অন্যতম একটি হচ্ছে—এন্টি করাপশন কমিশন গঠনের যে পদ্ধতি সেটাকে সরকার লেস (বিয়োগ) করে দিতে চায়।
এছাড়া তিনি বলেন, এখানে গুম-খুনের সঙ্গে যারা সম্পৃক্ত সরকার সেটাকে লেস করে দিতে চায়। এখানে ব্যাংক থেকে যারা হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি, ব্যাংককে বিধ্বস্ত করে লুটপাট করেছে সেই আইনটাকে বিগত সরকার যেটিকে তৈরি করে গণরায়ের মধ্য দিয়ে দিয়েছিল-বর্তমান সরকার সেটাকে এখন লেস করে দিতে চায়।”
বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল লক্ষ্মীপুর শাখার জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল, লক্ষ্মীপুর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট নুর উদ্দিন বাবুল।
আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামছুল ইসলাম, অ্যাডভোকেট মাহীর আসহাব, অ্যাডভোকেট হাসান বান্না, অ্যাডভোকেট কামাল উদ্দিন, অ্যাডভোকেট গাজী মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আনিসুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল, অ্যাডভোকেট রেজাউল ইসলাম সুমন ও অ্যাডভোকেট মুনতাসীর মাহমুদ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

