কুমিল্লার তিতাস উপজেলার মোহনপুর ফেরিঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতের প্রথম প্রহরে আনুমানিক রাত ২টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর ফেরিঘাটসংলগ্ন ব্রিজের পাশে অস্ত্রের একটি চালান হাতবদলের সময় যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে পাঁচটি ইস্টেনগান, চারটি থানায় ব্যবহৃত লোডার/কার্তুজ,তিনটি তাজা পিস্তলের অ্যামুনিশন, আটটি পিস্তলের খালি অ্যামুনিশন এবং একটি পিস্তলের ফায়ারিং পিন উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রের চালানটি মেঘনা নদীপথ হয়ে তিতাস নদীতে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অস্থিরতা ও সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলেও সন্দেহ করা হচ্ছে।
এ অভিযান তিতাস আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আল সোহানুর নেতৃত্বে একটি বিশেষ অভিযানি দল পরিচালনা করে। পরে উদ্ধারকৃত অস্ত্র তিতাস থানায় হস্তান্তর করা হয়।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার ঘটনায় অজ্ঞাত আসামি করে তিতাস থানায় একটি অস্ত্র মামলা রুজু করা হয়েছে। এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

