ফিলিপাইনে ২০২৬ সালের দ্বিতীয় শক্তিশালী ক্রান্তীয় ঝড় ‘বাসিয়াং’-এর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের প্রভাবে মিন্দানাও দ্বীপে টানা ভারি বৃষ্টি ও ভূমিধসের ঘটনায় অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে বলে দেশটির সিভিল ডিফেন্স অফিস (ওসিডি) জানিয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এনডিআরআরএমসি জানায়, উত্তর মিন্দানাও ও পার্শ্ববর্তী নেগ্রোস দ্বীপসহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে প্রায় ২ লাখ ৩২ হাজার মানুষ সরাসরি ক্ষতির মুখে পড়েছেন। বন্যার পানিতে বহু গ্রাম প্লাবিত হয় এবং প্রায় ৬৪ হাজার পরিবার ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়।
ফিলিপাইনের আবহাওয়া দপ্তর জানায়, ঝড় চলাকালে উত্তর মিন্দানাও অঞ্চলে গত ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টির ফলে নদ-নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে ইলিগান সিটি ও আশপাশের এলাকায় তিনটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে যায়। একই সঙ্গে নিষ্কাশনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়।
বর্তমানে প্রায় ১৬ হাজার পরিবারকে সরকারি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ঝোড়ো আবহাওয়ার কারণে মিমারোপা ও কারাগা অঞ্চলের অন্তত ৮২টি সমুদ্রবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে ৪ হাজারের বেশি যাত্রী ও কয়েকশ মালবাহী জাহাজ চলাচল ব্যাহত হয়ে আটকা পড়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ঝড়টি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে এবং দুর্গতদের নিরাপদ আশ্রয়ে নিতে কাজ করে যাচ্ছে।
সূত্র: ফিলিপাইন নিউজ এজেন্সি
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

