যুবদল নেতাকে আওয়ামী সন্ত্রাসীদের মারধর, বাইকে আগুন

যুবদল নেতাকে আওয়ামী সন্ত্রাসীদের মারধর, বাইকে আগুন

কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে রাতের আঁধারে যুবদল নেতাকে মারধর করে মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মুনাফ মার্কেট এলাকায় এই হামলা চালানো হয়। পরে মোটরসাইকেলে আগুন দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত আবু তাহের জালিয়াপালং ইউনিয়ন যুবদল উত্তর শাখার মৎস্যজীবী বিষয়ক সম্পাদক।

সাবেক ছাত্রদল নেতা আরাফাত চৌধুরী সাংবাদিকদের জানান, রাতের আঁধারে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা যুবদল নেতা আবু তাহেরকে মারধর করে মোটরসাইকেলে আগুন দিয়ে

পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাদমান জামি চৌধুরী জানান, কিছু দুষ্কৃতকারী হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশকে অশান্ত করার জন্য উঠেপড়ে লেগেছে। এরাই যুবদল নেতাকে মারধর করে মোটরসাইকেলে আগুন দিয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেইন। তিনি বলেন, জালিয়াপালং মুনাফ মার্কেট এলাকায় দুষ্কৃতকারীরা মারধর করে মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুনে নিভায়। একজন আহত হয়ে হাসপাতাল ভর্তি আছেন। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন