ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কুমিল্লার জমিন পরিবার’।
শনিবার কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান সংগঠনটির নেতৃবৃন্দের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে বলা হয়, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মর্মান্তিক মৃত্যু শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য গভীর উদ্বেগ ও বেদনার বিষয়। একটি শিশুকে ঘিরে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি দেশের আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে বলেও উল্লেখ করা হয়।
সংগঠনটির নেতারা দাবি জানান, ঘটনাটির দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার বিচার সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
তারা বলেন, শিশু ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমে আসবে এবং জনগণের মধ্যে আইনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।
স্মারকলিপিতে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবিও জানানো হয়। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ‘কুমিল্লার জমিন পরিবার’-এর সভাপতি জামিল আহমেদ খন্দকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, প্রকল্প সংগঠক সৈয়দ আহাম্মদ লাভলু, অর্থ সম্পাদক শাহানা হক, নির্বাহী সদস্য অধ্যক্ষ নার্গিস আক্তার, মাহমুদুল হাসান সজীব, শাহজালাল সরকার আবির, প্রকল্প দলনেতা (পরিবেশ) সুশান্ত পাল, সদস্য শামসুল আলম রাজন, জাহিদ হাসান নাইম এবং দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরানসহ অন্যরা।
উল্লেখ্য, গত ১৯ মে ঢাকার পল্লবী এলাকার একটি বাসা থেকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

