চট্টগ্রাম বন্দরে শিল্প নিরাপত্তা বিষয়ে আঞ্চলিক প্রশিক্ষণ শুরু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরে শিল্প নিরাপত্তা বিষয়ে আঞ্চলিক প্রশিক্ষণ শুরু

চট্টগ্রাম বন্দরের শিল্প নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে ‘রিজিওনাল ট্রেনিং কোর্স অন ইন্ডাস্ট্রিয়াল সেফটি’ শীর্ষক এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত গ্লোবাল পোর্টস সেফটি প্রকল্পের যৌথ উদ্যোগে প্রশিক্ষণটি আয়োজন করা হয়েছে। এতে ফ্রান্স, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ২০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক (কীনোট স্পিকার) ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্পেটে।

অনুষ্ঠানে কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ বলেন, সমুদ্রবন্দরগুলোর শিল্প নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও চট্টগ্রাম বন্দরে আন্তর্জাতিক মানের এমন প্রশিক্ষণ আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।

ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্পেটে বলেন, ফ্রান্স সরকারের সহায়তায় পরিচালিত এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে শিল্পঝুঁকি শনাক্ত ও তা মোকাবিলায় দক্ষতা বাড়াতে সহায়ক হবে। তিনি প্রশিক্ষণের সার্বিক সফলতা কামনা করেন।

বন্দর কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্প নিরাপত্তা বিশেষজ্ঞ অলিভিয়ার সালভির তত্ত্বাবধানে প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে।

এতে আধুনিক কনটেইনার টার্মিনাল, তরল হাইড্রোকার্বন ডিপো, তেল-গ্যাস স্থাপনা এবং রাসায়নিক সংরক্ষণাগারের মতো উচ্চঝুঁকিপূর্ণ শিল্প স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...