চট্টগ্রাম জলসীমায় প্রবেশ করেছে ক্রুড বা অপরিশোধিত জ্বালানি তেলবাহী এমটি নিনেমিয়া। বুধবার দুপুর ১২টার আগেই জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কুতুবদিয়া চ্যানেলে ভিড়বে।
বিপিসি জানিয়েছে সেখান থেকেই কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিকেলের আগেই লাইটারিং শুরু হবে। অর্থাৎ, ছোট আকারের লাইটার ট্যাংকারে মাদার ট্যাংকার থেকে তেল খালাস করে ইস্টর্ন রিফাইনারির জেটিতে নিয়ে আসা হবে। বুধবার ভোরেই কুতুবদিয়ার উদ্দেশ্যে দুটি লাইটার ট্যাংকার পাঠিয়ে দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে রাতের মধ্যেই ইস্টার্ন রিফাইনারর ডিপোতে অপরিশোধিত তেল খালাস করা হবে। বৃহস্পতিবার সকাল থেকে রিফাইনারির সবকটি ইউনিট একসঙ্গে চালু করার প্রস্তুতি নেওিয়া হয়েছে।
বিপিসি সূত্র জানায়, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রিয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল এনে পরিশোধন করে বিপিসির মাধ্যমে বাজারজাত করত। ক্রুড অয়েল থেকে ডিজেল, অকটেন, পেট্রোল, জেট ফুয়েল, কেরোসিন, মোবিল, এলপিজি, বিটুমিনসহ ১৮ প্রকারের জ্বালানি তেল উৎপাদন করে প্রতিষ্ঠানটি। বিপিসি‘র হয়ে ক্রুড পরিবহনের কাজটি করে বাংলাদেশের পতাকাবাহী রাষ্ট্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি।
দুই মাসের বেশি সময় কাঁচামাল না আসায় প্রতি মাসে ১ লাখ টন ক্রুডের চাহিদাসম্পন্ন ইস্টার্ন রিফাইনারির প্রধান তিনটি ইউনিটের মধ্যে দুটি ইউনিটই বন্ধ থাকে। ২২ দিন বন্ধ থাকার পর ফের পুরোদমে চালু করার প্রস্তুতি চলছে ইস্টার্ন রিফাইনারিতে।
বিএসসির ব্যাবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিষিদ্ধ করায় বাংলাদেশে অপরিশোধিত জ্বালানি তেলের উৎস বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে বিকল্প পথের সন্ধান করে হরমুজ এড়িয়ে জ্বালানি আনতে সৌদি আরবের ইয়ানবু বন্দরকে বেছে নেওয়া হয়। ইয়ানবু বন্দর কর্তৃপক্ষের সঙ্গে প্রক্রিয়া চূড়ান্ত করার পর ২০ এপ্রিল ভাড়া করা ট্যাংকার এমটি নিনেমিয়াকে পাঠানো হয় সেখানে। ১ লাখ টন ক্রুড লোড করার পর ২২ এপ্রিল সেখান থেকে নোঙোর তোলে জাহাজটি। ১৩ দিনের সমুদ্রযাত্রা শেষে বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভেড়ে জাহাজটি।
রাষ্ট্রিয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জানান, ক্রুড অয়েল না থাকায় ইস্টার্ণ রিফাইনারীর তিনটি ইউনিটের মধ্যে প্রধান দুটি ইউনিট বন্ধ করে দেওয়া হয়। এ দুটি ইউনিটে প্রতিদিন ৪ হাজার মেট্রিক টনের বেশি অকটেন-পেট্রোল-ডিজেল এবং ফার্নেস অয়েলসহ ১৩ ধরনের জ্বালানি পরিশোধন করে ডিলারের মাধ্যমে বাজারজাত করা হতো। কাঁচামালের সংকটে রিফাইনারি বন্ধ করে দেওয়া হলেও এই সুযোগে প্লান্ট দুটি সংস্কার করা হয়েছে। ফলে আগের চেয়ে বেশি উৎপাদন করা সম্ভব হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

