চাঁদপুরের হাজীগঞ্জে টানা দুই দিন ধরে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা। এতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শুক্রবার হাজীগঞ্জ উপজেলার বলাখাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ অবরোধের ঘটনা ঘটে। খবর পেয়ে হাজীগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে চালকদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সড়ক অবরোধকারী সিএনজি চালকরা জানান, গত দুই দিন ধরে হাজীগঞ্জের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ করা হচ্ছে না। অথচ জেলার চাঁদপুর সদর ও শাহরাস্তি উপজেলায় গ্যাস সরবরাহ চালু রয়েছে। ফলে ওই দুই এলাকায় সিএনজি চলাচল স্বাভাবিক রয়েছে।
চালকরা বলেন, হাজীগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তারা সিএনজি ফিলিং স্টেশনে সিরিয়াল দিয়ে দুই দিন ধরে গ্যাসের অপেক্ষায় রয়েছেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় তারা অতিষ্ঠ হয়ে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন। তাদের দাবি, গ্যাস সরবরাহ শুরু হলে তারা অবরোধ তুলে নেবেন।
যাত্রী বাহার উদ্দিন হেলাল বলেন, গ্যাস সংকটের কারণে সড়কে সিএনজিচালিত স্কুটার কম থাকায় যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। চালকদের দাবি, দূরবর্তী স্থান থেকে গ্যাস সংগ্রহ করে গাড়ি চালাতে হচ্ছে। এ কারণে তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন।
এদিকে স্থানীয় বাসাবাড়ি ও হোটেল-রেস্তোরাঁয় খোঁজ নিয়ে জানা গেছে, সেখানেও গ্যাস সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
দুই দিন ধরে চলমান এ গ্যাস সংকটে সিএনজি চালক, যাত্রী, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের মানুষজন ভোগান্তিতে পড়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

