চীন সফরের অভিজ্ঞতায় এমপি সাঈদ আল নোমান

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

চট্টগ্রাম ব্যুরো

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস
ছবি: আমার দেশ

চীন সফররত বিএনপির প্রতিনিধিদলের সদস্য চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান সম্প্রতি দেশটির তৃণমূল পর্যায়ের উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিশেষ অভিজ্ঞতা শেয়ার করেছেন। চীনের আনহুই প্রভিন্সের ফ্যাংসিং কমিউনিটিসহ বিভিন্ন এলাকা পরিদর্শনের পর প্রতিনিধিদলটি সে দেশের ‘জনমুখী’ রাজনীতির ভূয়সী প্রশংসা করেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিধিদলের সদস্য সাঈদ আল নোমান অভিজ্ঞতা শেয়ার করে বলেন, এখানে জনগণের সেবায় ৭ লাখ সার্ভিস সেন্টার গড়ে তুলেছে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। সফরকালে দেখা যায়, চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেবল শাসনকাজে নয়, বরং জনগণের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তাদের রয়েছে বিশাল নেটওয়ার্ক। ফ্যাংসিং কমিউনিটির মতো প্রায় ৭ লাখ নেবারহুডে বিশেষ সার্ভিস সেন্টার গড়ে তোলা হয়েছে।

বিজ্ঞাপন

এখানে সব বয়সের মিলনমেলা ঘটে থাকে। তারা নানা ধরনের সেবা নেয়, কর্মসংস্থান খুঁজতে আসে। এই কেন্দ্রগুলোতে শিশু থেকে বৃদ্ধ—সব বয়সি মানুষ আসে। এখানে পড়াশোনা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চা এবং গল্প করার অবারিত সুযোগ রয়েছে।

তিনি আরও লেখেন, চীন কর্মসংস্থান ও সহায়তার অন্যতম কেন্দ্র কমিউনিটি সার্ভিস সেন্টার। সাধারণ মানুষ এখান থেকেই কর্মসংস্থানের খোঁজ পান এবং প্রশাসনিক বিভিন্ন সুবিধা গ্রহণ করেন। আমার ধারণা, পার্টির প্রতিটি কাজই জনগণের জন্য এবং জনগণের সঙ্গে—এই দর্শনই চীনের অভাবনীয় সাফল্যের মূল চাবিকাঠি।

তিনি উল্লেখ করেন, এই সফরে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। কমিউনিটি পরিদর্শনের পরপরই বিএনপির প্রতিনিধিদলটি আনহুই প্রভিন্সের ভাইস গভর্নর এবং পদস্থ সরকারি কর্মকর্তাদের আমন্ত্রণে এক বিশেষ নৈশভোজে অংশ নেন। এরপর এক বৈঠকে মিলিত হয় প্রতিনিধিদল। এতে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্বের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে উন্নয়ন অংশীদারিত্বের অংশ হিসেবে বাংলাদেশের অবকাঠামো ও সামাজিক উন্নয়নে চীনের ভূমিকা এবং ভবিষ্যতে রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোকপাত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন