পৃথিবীতে এসেই মুখোমুখি হতে হয়েছে চরম অনিশ্চয়তার। পরম মমতায় লালিত হওয়ার বদলে ঠাঁই মিলল নোংরা ড্রেনের পাশে। নোয়াখালীর বেগমগঞ্জে ড্রেনের পাশ থেকে ফেলে রাখা এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক নগরী চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহেশগঞ্জ এলাকার এক গলির ড্রেনের পাশে শিশুটিক পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মহেশগঞ্জ এলাকার সমীরের বাড়ির পেছনের গলির ড্রেনের পাশে পথচারীরা শিশুটিকে দেখতে পান। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতকের অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ওসি শামসুজ্জামান আমার দেশকে জানান, নবজাতকের পরিচয় ও তার মা-বাবার সন্ধান বের করার চেষ্টা চলছে। কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেছে, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

