নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুলিশের চেকপোস্টে তল্লাশি করে মো. রাহিম (২১) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বেগমগঞ্জের গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে স্থাপিত একটি পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।
আটক রাহিম উপজেলার বসন্তবাগ গ্রামের ভূঁইয়াবাড়ির জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি মোটরসাইকেলে করে রাহিম ওই চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ তাকে থামায়। পরে তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে শরীরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার কোমরে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।
এ ঘটনায় নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

