কুবিতে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে তড়িঘড়ি, পরীক্ষার দিন মিলেছে এডমিট কার্ড


কুবিতে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে তড়িঘড়ি, পরীক্ষার দিন মিলেছে এডমিট কার্ড
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে তড়িঘড়ি করার অভিযোগ উঠেছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের এক মাসের মধ্যে ৩৫টি পদের নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে কয়েকটি পদের প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে এডমিট কার্ড না পাওয়ার অভিযোগ করেছেন।

এমনকি প্রশাসনিক কর্মকর্তা পদে লিখিত পরীক্ষার এডমিট কার্ড পরীক্ষার দিন সকালে পরীক্ষাকেন্দ্রে এসে পেয়েছেন প্রার্থীরা। এতে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনা এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত ৭ অক্টোবর বিভিন্ন পদে ৩৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে ১৪টি শিক্ষক এবং ২১টি কর্মকর্তা-কর্মচারীর পদ রয়েছে। আবেদনের শেষ সময় ছিল ২৬ অক্টোবর। আবেদন গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পরপরই নিয়োগ কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরই ধারাবাহিকতায় আগামী ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটকে সামনে রেখে আবেদন শেষ হওয়ার এক মাসের মধ্যে বিভিন্ন পদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে দ্রুততার সঙ্গে নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে প্রার্থীদের যথাসময়ে পরীক্ষার তথ্য ও এডমিট কার্ড না দেওয়ার অভিযোগ উঠেছে।

এর মধ্যে প্রশাসনিক কর্মকর্তা পদে একটি পদের লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় ১৪ নভেম্বর সকাল ৯টায়। তবে পরীক্ষার বিষয়ে প্রার্থীদের আগের দিন, ১৩ নভেম্বর বিকেলে ফোন করে জানানো হয়। পরীক্ষার আগে কোনো এডমিট কার্ড হাতে না পাওয়ায় অনেক প্রার্থী পরীক্ষার সময়, প্রয়োজনীয় কাগজপত্র এবং পরবর্তী মৌখিক পরীক্ষার বিষয়ে প্রস্তুতি নিতে পারেননি বলে অভিযোগ করেছেন।

এডমিট কার্ড ডাকযোগে প্রার্থীদের কাছে পাঠানোর নিয়ম রয়েছে। কিন্তু পরীক্ষার্থী সময়ে পাননি বলে অভিযোগ করেছেন। এমনকি পরীক্ষা শেষ হওয়ার পরেও এখনো ডাক বিভাগ থেকে কোনো চিঠি পাননি বলে জানায় তারা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠি থেকে জানা যায়, প্রশাসনিক কর্মকর্তা পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের উদ্দেশে চিঠিটি ৫ নভেম্বর ইস্যু করা হয়েছিল। চিঠিতে জানানো হয়, লিখিত পরীক্ষা ১৪ নভেম্বর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা একই দিন প্রশাসনিক ভবনে উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য প্রয়োজনীয় সনদের মূলকপি এবং চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, গত ১৪ নভেম্বর এক যোগে সহকারী রেজিস্ট্রার, প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা (আপগ্রেডেশনের জন্য, সহকারী রেজিস্ট্রার (আগগ্রেডেশনের জন্য) একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কিন্তু প্রার্থীদের অভিযোগ, ৫ নভেম্বর চিঠি ইস্যু করা হলেও তারা পরীক্ষার আগে এডমিট কার্ড পাননি। ১৪ নভেম্বর সকালে পরীক্ষার হলে গিয়ে তারা এডমিট কার্ড হাতে পান। সেখানেই তারা জানতে পারেন, অন্য কোথাও চাকরিরত প্রার্থীদের এনওসি (অনাপত্তিপত্র) সহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা ছিল। একই সঙ্গে লিখিত পরীক্ষার পর ওই দিনই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানতে পারেন তারা।

এক প্রার্থী বলেন, ‘পরীক্ষার আগের দিন আমাদের জানানো হয়, পরের দিন পরীক্ষা হবে। কোনো এডমিট কার্ড দেওয়া হয়নি। পরীক্ষার হলে এসে এডমিট কার্ড পাওয়ার পর জানতে পারি, কোথাও চাকরি করলে সেখান থেকে এনওসি প্রয়োজন হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। কিন্তু সকালেই লিখিত পরীক্ষার পর বিকেলে মৌখিক পরীক্ষার কথা জানানো হয়। আমাদের অনেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে পারেননি। জানিনা তারা কেন এমন করেছে। এটা একটা পাবলিক পরীক্ষা এতো তাড়াহুড়া কেন?’

আরেক চাকরিপ্রার্থী বলেন, ‘আমি প্রথমে এনওসি ও প্রয়োজনীয় সনদপত্র নিয়ে আসতে পারিনি। পরীক্ষার হলে এসে জানতে পারি এগুলো লাগবে। পরে আমার এক নিকটাত্মীয়ের মাধ্যমে সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র আনাই। পরীক্ষার হলে এডমিট কার্ড দেওয়া এবং পরীক্ষার আগের দিন জানালে প্রস্তুতিরও একটি বিষয় থাকে। কিন্তু সেটি হয়ে ওঠেনি। জানি না বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনটি কেন করল। এডমিট কার্ডে চিঠি ইস্যুর তারিখ ৫ নভেম্বর দেখেছি। কিন্তু এত দিনেও কেন আমাদের জানানো হয়নি?’

প্রার্থীদের অভিযোগ, নিয়োগের মতো গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, এডমিট কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে যথেষ্ট সময় আগে জানানো হলে তারা প্রস্তুতি নেওয়ার সুযোগ পেতেন। তবে শেষ মুহূর্তে পরীক্ষার তথ্য জানানো এবং পরীক্ষার দিন এডমিট কার্ড দেওয়ায় তারা ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, ‘আমরা প্রার্থীদের ডাকযোগে এডমিট কার্ড পাঠানোর পাশাপাশি ফোন করে পরীক্ষার সময় ও তারিখ নিশ্চিত করেছি। ডাকযোগে চিঠি পৌঁছাতে দেরি হতে পারে—এ বিষয়টি বিবেচনায় নিয়েই ফোনে প্রার্থীদের জানানো হয়েছে। এডমিট কার্ড না পেলেও যাতে কেউ পরীক্ষা থেকে বঞ্চিত না হন, সে জন্য পরীক্ষার হলে অনুলিপি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। যারা এডমিট কার্ড পাননি, তাঁদেরও পরীক্ষা দিতে দেওয়া হয়েছে।’

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কাউকে পরীক্ষা থেকে বিরত রাখা হয়নি বলেও জানান রেজিস্ট্রার। তিনি বলেন, ‘পরীক্ষার দিন প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কাউকে পরীক্ষা দিতে বাধা দেওয়া হয়নি। আমাদের উদ্দেশ্য ছিল যোগ্য কোনো প্রার্থী যেন শুধু এডমিট কার্ড বা কাগজপত্রের কারণে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হন।’

এক মাসের মধ্যে ৩৫টি পদের নিয়োগ কার্যক্রম তড়িঘড়ি করে সম্পন্ন করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান সময়সূচি অত্যন্ত ব্যস্ত। শিক্ষক নিয়োগের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিভাগে শিক্ষক সংকট রয়েছে। এ কারণে প্রতিদিনই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বোর্ড এবং প্রশাসনিক সভা হচ্ছে। আগামী ২৮ নভেম্বর সিন্ডিকেট সভা রয়েছে। এর আগে নিয়োগ–সংক্রান্ত বোর্ডগুলো সম্পন্ন করতে হচ্ছে। সবকিছু বিবেচনা করেই নিয়োগের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, ‘এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাথে কথা বলো।’ নিয়োগ প্রক্রিয়া তড়িঘড়ির কারণে প্রার্থীরা সময়মতো এডমিট কার্ড পাচ্ছে না- এমন প্রশ্নেকে তিনি অপ্রাসঙ্গিক বলে প্রতিবেদকের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...